Thursday, August 30, 2018

ক্যামেরার সামনে প্রথম অনেক কিছুই বুঝে উঠতে পারছিলাম না

মুমতাহিনা টয়া
মানুষকে বিনোদন দিতে টেলিভিশনের ছোট পর্দায় যাঁরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম একটি নাম মুমতাহিনা টয়া। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও টয়া সমানভাবে পারদর্শী। এবারের ‘ক্যামেরার সামনে প্রথম’ বিভাগে টয়া জানিয়েছেন তাঁর ক্যামেরার সামনে কাজ করার প্রথম মিষ্টি অভিজ্ঞতার কথা।
আমার শুরুটা হয়েছিল একটু অন্যভাবে। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতার মধ্য দিয়েই প্রথম ক্যামেরার সামনে আসি। তবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে আমার এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমার বিশ্ববিদ্যালয়েও নিবন্ধন শুরু হয়। আমার ক্যাম্পাসের অনেকেই নিবন্ধন করছিল দেখে আমিও চুপ থাকতে পারিনি। ওই সময় আমি একদম সাদামাটা কয়েকটা ছবি দিয়ে নিবন্ধন করেছিলাম। এরপর প্রথম রাউন্ডেই আমার ডাক আসে। অনেক মেয়ের মধ্যে থেকে অডিশনের জন্য ডাক আসায় আমি খুব খুশি হই। ওই সময়ই ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানোর অভিজ্ঞতা হয় আমার। তখন আমার কোনো ধারণাই ছিল না কীভাবে অডিশন হয়, সেখানে কী কী হয় বা গিয়ে কী বলতে হয়! ওটাই জীবনের প্রথম অডিশন ছিল আমার। একটু ভয়ে ভয়ে ছিলাম। তারপর ওই পর্বে নির্বাচিত হওয়ার পর থেকে বাকি তিন মাস ক্যাম্পে কাটিয়েছিলাম। ওই সময়ই ভয়টা ধীরে ধীরে কেটে গিয়েছিল। কারণ, তখন প্রায় প্রতিটা দিনই ক্যামেরার সামনে দাঁড়াতে হতো।
তারপর প্রতিযোগিতা থেকে বের হয়ে নিয়মিত কাজ শুরু করি। প্রথম কাজ করেছিলাম একটা টেলিছবির শুটিংয়ে। অদেখা মেঘের কাব্য নামের সেই টেলিছবির পরিচালক ছিলেন ঈশিতা আপু। শুটিংয়ে গিয়েও বেশ ভয় পেয়েছিলাম। অনেক কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঈশিতা আপু আমাকে নিয়ে বসে কাজ বুঝিয়ে দিয়েছেন, তারপর আমি শট দিয়েছিলাম। তারপর একটু একটু করে ক্যামেরার সামনের ভয়কে জয় করেই এখন নিয়মিত কাজ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
অনুলিখন: তাসনিয়া লস্কর

No comments:

Post a Comment